ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের ঘাট থেকে নদীতে ঝাঁপ মৎস্যজীবীর, পাঁচ ঘণ্টা পর উদ্ধার দেহ

Feb 17, 2026 - 19:45
 16
ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের ঘাট থেকে নদীতে ঝাঁপ মৎস্যজীবীর, পাঁচ ঘণ্টা পর উদ্ধার দেহ

অমিত মণ্ডল, ফ্রেজারগঞ্জ: ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের ঘাট থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক মৎস্যজীবী। দীর্ঘ ৫ ঘণ্টার তল্লাশির পর নদী থেকে উদ্ধার হলো তাঁর দেহ। মৃত মৎস্যজীবীর নাম অজয় বাগ (৪৫)। এই ঘটনাকে কেন্দ্র করে ফ্রেজারগঞ্জ উপকূল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্রেজারগঞ্জের উত্তর শিবপুর এলাকার বাসিন্দা অজয় বাগ পেশায় একজন মৎস্যজীবী। মঙ্গলবার সকালে তাঁর গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার কথা ছিল। সেই মতো বেলা ১১টা নাগাদ তিনি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে তৈরি হওয়া নতুন ঘাটে এসে হাজির হন। নৌকাতে ওঠার আগেই কংক্রিটের তৈরি ঘাটের ওপর থেকে নিচে বয়ে চলা এডওয়ার্ড ক্রিক নদীতে ঝাঁপ দেন অজয়।

বন্দরে উপস্থিত অন্যান্য মৎস্যজীবীদের দাবি, সবটাই ঘটেছিল চোখের নিমেষে। ঝাঁপ দেওয়ার পর জোয়ারের প্রবল টানে কয়েক মুহূর্তের মধ্যেই তিনি তলিয়ে যান। বন্দরে উপস্থিত থাকা মৎস্যজীবীরা তৎক্ষণাৎ উদ্ধারের চেষ্টা চালালেও জলের তোড়ে তাঁর হদিস পাওয়া সম্ভব হয়নি।

ঘটনার খবর পাওয়ামাত্রই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একটি এফআইবি স্পিডবোট নিয়ে শুরু হয় তল্লাশি। পুলিশের পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীরাও নিজেদের লঞ্চ ও ট্রলার নিয়ে নদীতে তল্লাশি চালাতে থাকেন। কিন্তু জোয়ারের স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয়।

অবশেষে বিকেল ৪টে নাগাদ নদীতে ভাটা পড়তেই অজয়ের দেহ দেখতে পান মৎস্যজীবীরা। ঘাট থেকে সামান্য দূরেই অজয় বাগের দেহটি কাদায় আটকে থাকতে দেখা যায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কেন এভাবে সবার সামনে তিনি আত্মঘাতী হলেন, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। পুলিশের প্রাথমিক অনুমান, অজয় কোনো মানসিক অবসাদে ভুগছিলেন। সম্ভবত সেই অবসাদের জেরেই এই চরম পথ বেছে নিয়েছেন তিনি। তবে এর নেপথ্যে অন্য কোনো পারিবারিক বা আর্থিক কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

অজয়ের মৃত্যুর খবর উত্তর শিবপুর গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিজনেরা। প্রশাসনের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।