আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি ট্রলার আটক, ২৮ মৎস্যজীবী ধৃত

Feb 16, 2026 - 12:51
 27
আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি ট্রলার আটক, ২৮ মৎস্যজীবী ধৃত

অমিত মন্ডল, বকখালি: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে একটি বাংলাদেশি ট্রলার আটক করল Indian Coast Guard। সোমবার সকালে ২৮ জন মৎস্যজীবী সহ আটক ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। ঘটনাকে ঘিরে উপকূল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

উপকূল রক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে টহলদারি চলাকালীন ভারতীয় জলসীমার মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ‘এফবি সাগর’ নামের একটি ট্রলারকে। ট্রলারটির গতিবিধি নজরে আসতেই সেটিকে থামার নির্দেশ দেওয়া হয়। পরে ট্রলারটিকে আটক করে তল্লাশি চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলারে থাকা মৎস্যজীবীদের বক্তব্যে অসংলগ্নতা ধরা পড়ে বলে দাবি উপকূল রক্ষী বাহিনীর। এরপর আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে ট্রলারসহ ২৮ জন মৎস্যজীবীকে আটক করা হয়। সোমবার সকালে তাঁদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

বর্তমানে ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রলারটি কীভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করল এবং এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সমুদ্রসীমায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রায়ই আন্তর্জাতিক জলসীমা সংক্রান্ত বিভ্রান্তি বা অসতর্কতার কারণে এ ধরনের ঘটনা সামনে আসে। তবে নিরাপত্তার স্বার্থে উপকূল রক্ষী বাহিনী কঠোর অবস্থান নিচ্ছে বলেই সূত্রের খবর।