আর ছুটতে হবে না কলকাতা; কাকদ্বীপ হাসপাতালেই চালু হলো সিটি স্ক্যান পরিষেবা

Jun 5, 2026 - 13:21
 7
আর ছুটতে হবে না কলকাতা; কাকদ্বীপ হাসপাতালেই চালু হলো সিটি স্ক্যান পরিষেবা

অমিত মণ্ডল, কাকদ্বীপ:

সুন্দরবনের প্রত্যন্ত সাগর, পাথরপ্রতিমা ও নামখানা ব্লকের লাখো মানুষের দীর্ঘদিনের এক বড় ক্ষোভ ও কষ্টের অবসান ঘটল। চিকিৎসা ব্যবস্থায় এক ঐতিহাসিক মাইলফলক ছুঁয়ে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল বহু প্রতীক্ষিত ‘সিটি স্ক্যান’ পরিষেবা। বৃহস্পতিবার ফিতে কেটে এই অত্যাধুনিক স্ক্যান মেশিনের শুভ উদ্বোধন করেন রাজ্যের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। 

কাকদ্বীপ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন থেকে এই হাসপাতালে ভর্তি থাকা রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে এই সিটি স্ক্যান করানোর সুযোগ পাবেন। এছাড়া ব্লকের অন্যান্য প্রাথমিক বা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা রোগীরাও কলকাতার তুলনায় অত্যন্ত নামমাত্র ও স্বল্প খরচে এখান থেকে সিটি স্ক্যান করাতে পারবেন। নতুন এই পরিষেবা চালুর প্রথম দিনই সফলভাবে প্রায় ৬ জন রোগীর সিটি স্ক্যান করা হয়।

সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপের মানুষের কাছে দুর্ঘটনা বা ব্রেন স্ট্রোকের মতো জরুরি পরিস্থিতিতে সিটি স্ক্যান করানো ছিল এক মস্ত বড় যুদ্ধ। এই পরিষেবা চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। উদ্বোধনের পর প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা বলেন, “প্রত্যন্ত সুন্দরবনের মানুষ এতদিন এই সিটি স্ক্যান করার জন্য ডায়মন্ড হারবার কিংবা কলকাতার হাসপাতালে যেতেন। এতে যেমন খরচ হতো, তেমনই অনেক সময় নষ্ট হতো। মানুষের দীর্ঘদিনের এই দাবি আজ পূরণ হলো। এখন থেকে মানুষ ঘরের কাছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালেই আধুনিক সিটি স্ক্যান করাতে পারবেন।"

কাকদ্বীপ হাসপাতালের এই নতুন পরিকাঠামো আগামী দিনে সুন্দরবনের প্রান্তিক চিকিৎসা ব্যবস্থার মানকে অনেকটাই বাড়িয়ে দেবে এবং বহু মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাবে বলেই মনে করছে প্রত্যন্ত এলাকার মানুষ।