শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

May 10, 2026 - 14:45
 10
শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

মালদা:

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর তাঁকে শুভেচ্ছা জানালেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শুধু ব্যক্তিগতভাবেই নয়, ইংলিশ বাজার পৌরসভার তরফেও একটি শুভেচ্ছা প্রস্তাব গ্রহণ করে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, "খুব অল্প বয়সেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন। আমি তাঁকে দীর্ঘদিন ধরে চিনি। শুভেন্দুর বাবার সঙ্গে আমরা রাজনীতি করেছি। শুভেন্দু অধিকারী একসময় মালদার পর্যবেক্ষকও ছিলেন। পরে তাঁকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল। আমি তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, "আমি আশা করব তাঁর নেতৃত্বে বাংলা সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্য- সব ক্ষেত্রেই এগিয়ে যাবে। ইংলিশ বাজার পৌরসভার পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।"

উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূলের এই বর্ষীয়ান নেতা দলীয় নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে তিনি দাবি করেছিলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিয়েছেন।"

এরই মধ্যে বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রীকে তাঁর এই শুভেচ্ছা বার্তা ঘিরে মালদার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, এই ঘটনায় ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন আলোচনা তৈরি হতে পারে।