তালসারি সমুদ্রে মর্মান্তিক দুর্ঘটনা, জলে ডুবে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

Mar 31, 2026 - 08:18
 18
তালসারি সমুদ্রে মর্মান্তিক দুর্ঘটনা, জলে ডুবে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

টলিউডে নেমে এল শোকের ছায়া। ওড়িশার তালসারি সমুদ্রতটে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।

জানা গিয়েছে, 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ সমুদ্রে নেমে তলিয়ে যান তিনি। প্রোডাকশন সূত্রে খবর, বোট থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন অভিনেতা। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা উদ্ধার কাজে নামেন, পরে পুলিশ ও সেফটি বোটের সাহায্যে প্রায় এক ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয়।

গুরুতর অবস্থায় তাঁকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এক সহ-অভিনেত্রীও জলে পড়েছিলেন বলে জানা গিয়েছে, তবে বিষয়টি তদন্তসাপেক্ষ।

অন্যদিকে প্রোডাকশন ম্যানেজার শেখর চক্রবর্তী জানান, শুটিং বিকেল সাড়ে তিনটার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। এরপর জলে নামার সময়ই এই দুর্ঘটনা ঘটে।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও তালসারি কোস্টাল থানার পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহের ময়নাতদন্ত কাঁথি মহকুমা হাসপাতালে হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে বড়পর্দায় জনপ্রিয়তা পান রাহুল। সহ-অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার-এর সঙ্গে তাঁর জুটি দর্শকমহলে বিশেষ সাড়া ফেলেছিল। দীর্ঘ অভিনয় জীবনে থিয়েটার, টেলিভিশন ও সিনেমা -তিন ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গিয়েছেন তিনি।

তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। সহকর্মী থেকে অনুরাগী-সবাই মেনে নিতে পারছেন না এই মর্মান্তিক ঘটনা।