সন্ধ্যার আকাশে রহস্যময় আলোর ঝলকানি, চাঞ্চল্য কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকায়
শুভজিৎ দাস,কাকদ্বীপ: শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আকাশে দেখা গেল রহস্যময় এক আলোর ঝলকানি। দক্ষিণ ২৪ পরগনা-সহ মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় এই অদ্ভুত আলো দেখতে পান সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের গোলার মতো উজ্জ্বল আলোটি ধীরে ধীরে আকাশের মধ্যে অগ্রসর হতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই ক্রমশ ছোট হয়ে মিলিয়ে যায়। আচমকা এই দৃশ্য ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার পর থেকেই চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জনসমাগমস্থলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রহস্যময় এই আলোর উৎস। কেউ বলছেন উল্কাপিণ্ড, আবার কেউ মনে করছেন এটি কোনও মহাকাশযান বা বিশেষ বায়ুমণ্ডলীয় ঘটনা হতে পারে।
তবে ঠিক কী কারণে আকাশে এই আলোর দেখা মিলল, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা সামনে আসেনি।