রানাঘাটের পৌরপ্রধান পদে ইস্তফা শারীরিক ও পারিবারিক কারণ দেখালেন কোশলদেব
রানাঘাট পৌরসভার পৌরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন কোশলদেব বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতা এবং পারিবারিক কারণ দেখিয়ে তিনি তাঁর পদত্যাগপত্র পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে জমা দিয়েছেন। পাশাপাশি ইমেলের মাধ্যমেও পদত্যাগের বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানিয়েছেন।
পদত্যাগের কারণ প্রসঙ্গে কোশলদেব বন্দ্যোপাধ্যায় জানান, দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছেন। সেই কারণেই তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁর পরিবারও এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের কথায়, “পারিবারিক ও শারীরিক কারণে আমি পদত্যাগ করছি।”
এছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসনিক পরিকাঠামোয় রানাঘাটের উন্নয়নের স্বার্থে অন্যদের দায়িত্ব নেওয়া প্রয়োজন। তিনি নিজে উন্নয়নের পথে কোনও বাধা হয়ে থাকতে চান না বলেও মন্তব্য করেন।
উল্লেখ্য, সম্প্রতি ১১ নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা নিয়ে বিক্ষোভ চলাকালীন পৌরসভা চত্বরে ডিম ছোড়া এবং তাঁর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গে কোশলদেব বন্দ্যোপাধ্যায় দাবি করেন, অভিযোগ জানাতে আসা সাধারণ মানুষ ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না।
তাঁর অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকেই দু’-তিনজন ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন। তবে এর পিছনে কোনও রাজনৈতিক দলের হাত নেই বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।
পদত্যাগের পরেও রানাঘাটের উন্নয়ন নিয়ে আশাবাদী কোশলদেব বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “আমি চাই রানাঘাটের আরও উন্নয়ন হোক। বর্তমান সরকার মানুষের জন্য আরও কাজ করুক।”