ম্যাচ গড়াপেটার অভিযোগ, কানাডায় ঢুকতে দেওয়া হল না এলিয়ে ওয়াহিকে

Jun 19, 2026 - 15:30
 9
ম্যাচ গড়াপেটার অভিযোগ, কানাডায় ঢুকতে দেওয়া হল না এলিয়ে ওয়াহিকে

ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার হয়ে ছাড়া পেয়েছিলেন। চলে গিয়েছিলেন বিশ্বকাপ খেলতে। প্রথম ম্যাচেও খেলেছেন। কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলতে কানাডায় যাওয়ার অনুমতি পেলেন না এলিয়ে ওয়াহি। বৃহস্পতিবার আইভরি কোস্ট একটি বিবৃতিতে জানিয়েছে, ওয়াহিকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। তিনি আমেরিকাতেই থাকছেন। ফলে জার্মানি ম্যাচে খেলতে পারবেন না। গোটা পরিস্থিতি আপাতত নজরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা এ-ও জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার তদন্ত শুরু হয়েছে এ রকম কোনও তথ্য এখনও পর্যন্ত তাদের কাছে নেই। আপাতত ফুটবলারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। বুধবার ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছিল, ২৩ বছরের ওয়াহির বিরুদ্ধে ফ্রান্স পুলিশের তদন্ত চলছে। ১৭ জুন মেটজের বিরুদ্ধে তাঁর ক্লাব নিসের হয়ে ইচ্ছা করে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ২৯ মে তাঁকে গ্রেফতার করা হয়। সাঁ এতিয়েনের বিরুদ্ধে দু’গোল করার পরেই পুলিশের খপ্পরে পড়েন ওয়াহি। জিজ্ঞাসাবাদের পর ছাড়া পান। তাঁর বিরুদ্ধে প্রতারণা, সংগঠিত ম্যাচ গড়াপেটা, আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে।এর পর ছাড়া পেয়ে তিনি আমেরিকায় গিয়েছেন এবং ইকুয়েডরের বিরুদ্ধে আইভরি কোস্টের হয়ে খেলেওছেন। দ্বিতীয়ার্ধে তাঁর একটি শট বারে লাগে। পরের ম্যাচ শনিবার, জার্মানির বিরুদ্ধে টরন্টোয়।ফরাসি লিগ যে সংস্থা আয়োজন করে তারাই জানিয়েছিল, নিস বনাম মেটজের খেলায় কিছু সন্দেহজনক ব্যাপার ঘটেছে। সেই ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওয়াহিকে।