বকখালিতে রেশন ডিলারদের কনভেনশন! উপস্থিত বিধায়ক সুমন্ত মণ্ডল

Aug 2, 2026 - 16:01
 17
বকখালিতে রেশন ডিলারদের কনভেনশন! উপস্থিত বিধায়ক সুমন্ত মণ্ডল

অমিত মন্ডল; বকখালি:দীর্ঘদিনের একাধিক সমস্যা এবং অভাব-অভিযোগ নিয়ে এবার এক ছাদের তলায় মিলিত হলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার রেশন ডিলাররা। শুক্রবার সন্ধ্যায় বকখালির একটি হোটেলে ‘বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আয়োজিত হলো এক অভ্যন্তরীণ কনভেনশন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলারদের এই জমায়েতে উপস্থিত হলেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল।

এদিনের এই অভ্যন্তরীণ বৈঠকে রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত ডিলারদের বাস্তব সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে শুক্রবার সন্ধ্যায় বকখালির হোটেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গা থেকে বহু ডিলার উপস্থিত হন। 

রেশন বণ্টন থেকে শুরু করে ডিলারদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে যেসব জটিলতা ও সমস্যার সম্মুখীন হতে হয়, তা নিয়ে এদিনের মঞ্চে খোলামেলা আলোচনা করেন সংগঠনের সদস্যরা। কনভেনশন চলাকালীন সন্ধ্যায় সেখানে উপস্থিত হন সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল। তিনি ডিলারদের সমস্ত অভাব-অভিযোগ অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং স্পষ্ট আশ্বাস দেন যে, ডিলারদের ন্যায্য দাবি ও সমস্যাগুলি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে বিস্তারিত আলোচনা করবেন।