৩৪ বছরের কর্মজীবনের ইতি, অবসরে ছাত্র-ছাত্রীদের ব্যাগ ও গীতা উপহার শিক্ষকের
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম:
দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-২ ব্লকের ঘোলপুকুরিয়া দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুপ কুমার বেরা। বিদ্যালয় প্রাঙ্গণে তাঁকে সংবর্ধনা জানাতে আয়োজিত হয় এক আবেগঘন বিদায় অনুষ্ঠান।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরা ফুল, উত্তরীয়, স্মারক ও সম্মাননাপত্র প্রদান করে তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের স্বীকৃতি জানান। অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা ও শিক্ষার প্রতি একাগ্রতার প্রশংসা করেন।
বিদায়বেলায় শিক্ষক অনুপ কুমার বেরা এক অনন্য উদ্যোগ গ্রহণ করেন। তিনি বিদ্যালয়ের প্রতিটি ছাত্র-ছাত্রীর হাতে একটি করে স্কুল ব্যাগ তুলে দেন। তাঁর এই উপহার পেয়ে পড়ুয়াদের মুখে ফুটে ওঠে হাসি। উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও তাঁর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর সুস্থ, সুন্দর ও আনন্দময় অবসর জীবনের কামনা করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতি বুকে নিয়ে আবেগঘন পরিবেশে বিদ্যালয় থেকে বিদায় নেন অনুপ কুমার বেরা।