দ্বিতীয় টেস্টে তৃতীয় শাস্তি! যশস্বী, ফার্নান্ডোর পর ম্যাচ রেফারির রোষে জয়সূর্য
বিবাদে জড়ানোর শাস্তি পেয়েছেন যশস্বী জয়সবাল এবং আসিথা ফার্নান্ডো। কলম্বো টেস্টে শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তি পেলেন শ্রীলঙ্কার আরও এক ক্রিকেটার। প্রভাত জয়সূর্যকে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সোমবার আউট হওয়ার পর প্রকাশ্যে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেন ফার্নান্ডো। মানব সুতারের বলে জয়সূর্যকে এলবিডব্লিউ আউট দিয়েছিলেন পাকিস্তানের আম্পায়ার এহসান রাজা। তাঁর সিদ্ধান্তে খুশি না হয়ে রিভিউ নেন জয়সূর্য। সব কিছু দেখে তৃতীয় আম্পায়ার অস্ট্রেলিয়ার রড টাকার ‘আম্পায়ার্স কল’ দেন। ফলে সাজঘরে ফিরে যেতে হয় জয়সূর্যকে। আউটের সিদ্ধান্তে ক্ষুব্ধ শ্রীলঙ্কার ক্রিকেটার মাঠেই ক্ষোভ প্রকাশ করেন। সাজঘরে ফিরে ব্যাট ছুড়ে ফেলেন। তাঁর আচরণ টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে।জয়সূর্যর বিরুদ্ধে আইসিসির আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে। সব তথ্যপ্রমাণ খতিয়ে দেখে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জয়সূর্যকে দোষী সাব্যস্ত করেছেন। তাঁর বিরুদ্ধে আদর্শ আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অপরাধ প্রমাণ হয়েছে। এই ধারা অনুযায়ী, ক্রিকেটারেরা ম্যাচ চলাকালীন খেলার কোনও সামগ্রী (ব্যাট, গ্লাভস) মাঠে বা মাঠ থেকে দেখা যায় এমন কোনও জায়গায় ছুড়ে ফেলতে পারেন না। গত ২৪ মাসে এমন ধরনের অপরাধ প্রথম বার করলেন জয়সূর্য। তিনি নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি। প্রথম অপরাধ হওয়ায় তাঁকে অল্প শাস্তি দেওয়া হয়েছে। এক ডিমেরিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে। কলম্বোয় চলা ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় ক্রিকেটার হিসাবে শাস্তি পেলেন জয়সূর্য।