টোলকর্মীকে ঝুলিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি, যুবকের তৎপরতায় রক্ষা প্রাণ
শিলিগুড়ির ঘোষপুকুর টোলপ্লাজায় চাঞ্চল্যকর ঘটনা। টোল না দিয়ে পালানোর সময় এক টোলকর্মীকে গাড়ির সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রায় ১২ কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আসামের নম্বরযুক্ত একটি গাড়ির বিরুদ্ধে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে ইসলামপুরের বাসিন্দা মহম্মদ বাবলু এক রোগীকে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাওয়ার পথে ঘটনাটি দেখতে পান। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তিনি দ্রুত গাড়িটিকে ধাওয়া শুরু করেন।
অভিযোগ, প্রায় ১২ কিলোমিটার ধাওয়া করার পর তিনি গাড়িটিকে থামাতে সক্ষম হন। এরপর ঝুলন্ত অবস্থায় থাকা টোলকর্মীকে উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়ির চালকসহ অন্যান্য যাত্রীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
এই ঘটনায় মহম্মদ বাবলুর সাহসিকতা ও তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, সময়মতো তিনি এগিয়ে না এলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।