মুর্শিদাবাদে মর্মান্তিক ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, শোকের ছায়া দৌলতাবাদে

Jun 21, 2026 - 08:15
 4
মুর্শিদাবাদে মর্মান্তিক ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, শোকের ছায়া দৌলতাবাদে

মুর্শিদাবাদের দৌলতাবাদ এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মৃতদের নাম রাকিবুল শেখ ও তাঁর স্ত্রী শিখা বিবি। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক অনুমান অনুযায়ী গভীর রাতে শিখা বিবি বাথরুমে যান। সেই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাথরুমের মধ্যেই পড়ে যান বলে অনুমান করা হচ্ছে। স্ত্রীকে ওই অবস্থায় দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে যান স্বামী রাকিবুল শেখ। অভিযোগ, স্ত্রীকে উদ্ধার করতে গিয়েই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরবর্তীতে গ্রামের বাসিন্দারা বাথরুমের ভিতরে স্বামী-স্ত্রী দু’জনকেই পড়ে থাকতে দেখেন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই দু’জনের মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই স্পষ্ট হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দৌলতাবাদ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একসঙ্গে স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দারা।