মালদায় বিজেপি নেতার ভাইকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি

ইংরেজবাজার থানায় অভিযোগ, তদন্ত শুরু পুলিশের

Jun 21, 2026 - 08:06
 4
মালদায় বিজেপি নেতার ভাইকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি

মালদার ইংরেজবাজার থানার দক্ষিণ বালুচর এলাকায় বিজেপি নেতার ভাইকে মারধরের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আহত ভাস্কর সরকারের অভিযোগ, তাঁর দাদা কৌশিক সরকার ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি শক্তি কেন্দ্রের প্রমুখ। বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণেই গত পাঁচ বছর ধরে তাঁদের পরিবারের উপর লাগাতার হামলা ও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি তাঁর।

ভাস্কর সরকারের বক্তব্য, “এদিন রাতে বাড়ির পাশে মহানন্দা নদীর ধারে দাঁড়িয়ে ছিলাম। সেই সময় ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কাকলি চৌধুরীর ঘনিষ্ঠ জিতেন রায় সেখানে এসে আমার দাদার খোঁজ করতে শুরু করেন। আমি জানাই দাদা বাড়িতে নেই। এরপরই আমার উপর হামলা চালানো হয়। আমাকে ফেলে মারধর করা হয়।”

অন্যদিকে বিজেপি নেতা কৌশিক সরকারও অভিযোগ করে বলেন, “গত পাঁচ বছর ধরে আমার উপর ধারাবাহিকভাবে অত্যাচার চলছে। বিজেপি করার কারণে আমি নিজের বাড়িতে পর্যন্ত থাকতে পারি না। আমার ও আমার পরিবারের উপর লাগাতার হামলা হচ্ছে।”

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তাঁর দাবি, “কৌশিক সরকার একজন অসামাজিক প্রকৃতির ব্যক্তি। এর আগেও বিভিন্ন জায়গায় গোলমাল করেছে। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।”

ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এখন তদন্তের অগ্রগতির দিকেই নজর রাজনৈতিক মহলের।