বাংলাদেশি পুশব্যাক ঘিরে উত্তপ্ত মালদার সীমান্ত

Jun 21, 2026 - 14:23
 6
বাংলাদেশি পুশব্যাক ঘিরে উত্তপ্ত  মালদার সীমান্ত

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর থানার ভারত–বাংলাদেশ সীমান্তের শুকদেবপুর এলাকা। শনিবার ভোররাত থেকেই সীমান্ত এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপারে বহু বাংলাদেশি নাগরিক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং মোতায়েন রয়েছে বিএসএফ জওয়ানরা।

জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা কয়েকজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সেই পুশব্যাক প্রক্রিয়াকে কেন্দ্র করেই সীমান্তের দুই প্রান্তে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, শুকদেবপুর সীমান্তের প্রায় ১২০০ মিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। দীর্ঘদিন ধরেই এই তারকাটাবিহীন অংশ নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও এই সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং ভারতীয় কৃষকদের জমিতে ফসল কাটাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল।

ঘটনার পর সীমান্ত এলাকায় জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। বিএসএফের পাশাপাশি স্থানীয় প্রশাসনও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।