দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ২০২৪ সালের খুনের মামলায় গ্রেফতার জেলা পরিষদের তৃণমূল সদস্য বাবান গাজী

Aug 6, 2026 - 14:30
 11
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ২০২৪ সালের খুনের মামলায় গ্রেফতার জেলা পরিষদের তৃণমূল সদস্য বাবান গাজী

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ২০২৪ সালের খুনের মামলায় গ্রেফতার জেলা পরিষদের তৃণমূল সদস্য বাবান গাজী

গোপাল মন্ডল, বিষ্ণুপুর:২০২৪ সালের একটি খুনের মামলায় দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্য রাজীব গাজী ওরফে বাবান গাজীকে গ্রেফতার করল পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার গভীর রাতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার স্পেশাল টিম এবং বিষ্ণুপুর থানার যৌথ বাহিনী যৌথ অভিযানে ঘুটিয়ারি শরিফ এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা সুরাজ মালিক নামে এক যুবককে খুন করা হয়। ঘটনার পর নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানায় একটি খুনের মামলা রুজু হয়। তদন্তে রাজীব গাজী ওরফে বাবান গাজীর নাম উঠে আসে এবং তাঁকে মামলার প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপন করে ছিলেন বলে পুলিশ সূত্রের দাবি।

তদন্তকারী আধিকারিকরা দীর্ঘদিন ধরে তাঁর গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ঘুটিয়ারি শরিফ এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁকে বিষ্ণুপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতকে আজ আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তদন্তকারীদের মতে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র, ঘটনার নেপথ্যের কারণ এবং পলাতক অবস্থায় তাঁর যোগাযোগের সূত্র নিয়েও তদন্ত চালানো হচ্ছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।