পাথরপ্রতিমায় পুকুর থেকে উদ্ধার কুমির! রাতভর অভিযানের পর স্বস্তি
অমিত মণ্ডল, পাথরপ্রতিমা: লোকালয়ে আস্ত কুমির ঢুকে পড়ার ঘটনায়চাঞ্চল্য ছড়াল পাথরপ্রতিমায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর গ্রাম পঞ্চায়তের গোবর্ধনপুর কোস্টাল থানার কয়ালের বাজার এলাকায় হঠাৎই একটি পুকুরে কুমির ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই খবর ছড়াতেই সোমবার রাতে গোটা কয়ালের বাজার জুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। অবশেষে বনদপ্তরের অভিযানের পর মঙ্গলবার সকালে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে সেই বিশালাকার কুমিরটিকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে কয়ালের বাজারে আসা মানুষজন নদীর ঠিক অপর পাড়ে অবস্থিত একটি মিষ্টি জলের পুকুরের মধ্যে কুমিরটিকে ভেসে থাকতে দেখেন। লোকালয়ে কুমির ঢোকার খবর চাউর হতেই এলাকার মানুষজন লাঠিসোটা নিয়ে নদীপাড়ে ভিড় জমান। খবর দেওয়া হয় বনদপ্তরের রামগঙ্গা রেঞ্জে। বনকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়।
গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কুমিরটি যাতে কোনোভাবেই ডাঙায় উঠে কারোর ওপর হামলা না করতে পারে, তার জন্য রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে সারারাত ওই পুকুর ও নদীপাড় ঘিরে পাহারা দেন। এরপর মঙ্গলবার ভোরে নতুন করে জাল নিয়ে শুরু হয় অপারেশন। চারদিক থেকে পুকুরটি জাল দিয়ে ঘিরে ফেলে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবশেষে সকালের দিকে কুমিরটিকে বাগে আনেন বনকর্মীরা। কুমিরটি বাগে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন শ্রীধরনগরের বাসিন্দারা।