জগদ্দলে প্রচারে মমতার কড়া হুঁশিয়ারি, 'বিচুটি পাতার নাড়ু খাওয়াবো' মন্তব্যে রাজনৈতিক বিতর্ক
জগদ্দল: জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের সমর্থনে প্রচারে এসে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে বিরোধীদের নিশানা করে তাঁর একাধিক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
ভোেট প্রক্রিয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার কাছে খবর আছে, কাউন্টিংয়ের সময় ৫০০ ভোট কম দেখানো হতে পারে। প্রথমে বিজেপি রটাবে ওরা জিতে গিয়েছে, কিন্তু সূর্যাস্তের পর প্রকৃত ফল সামনে আসবে।"
তিনি আরও দাবি করেন, বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবেন না এবং শেষ পর্যন্ত তৃণমূলই জয়ী হবে। বিরোধীদের উদ্দেশে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "ক্ষমতায় থাকলে অনেকে বাঁচে, কিন্তু ক্ষমতা চলে গেলে পরিণতি অন্যরকম হবে। সমস্ত কিছুর হিসেব রাখা আছে।"
সবচেয়ে বিতর্কিত মন্তব্যটি আসে তাঁর হুঁশিয়ারির সুরে, যেখানে তিনি বলেন, "যেখানেই থাকুক, সবাইকে খুঁজে বের করে 'বিছুটি পাতার নাড়ু' খাওয়াবো। বাংলায় থাকুক বা দিল্লিতে, কাউকে ছাড়া হবে না।"
এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা এই মন্তব্যকে আক্রমণাত্মক ও অশালীন বলে কটাক্ষ করেছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি রাজনৈতিক রূপক মাত্র।
ভোটের আগে এমন তীব্র বাক্যবাণে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছেন বিশ্লেষকরা।