নামখানায় চায়ের দোকান থেকে আধার-ভোটার ও এটিএম কার্ড উদ্ধার! তদন্তে পুলিশ
অমিত মণ্ডল, নামখানা: নামখানায় চায়ের দোকান থেকে বেশ কয়েকটি আধার কার্ড এবং ভোটার কার্ড সহ সরকারি নথিপত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।নামখানা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে হাতানিয়া-দোয়ানিয়া নদীর টোল প্লাজার কাছের একটি চায়ের দোকান থেকে উদ্ধার হলো থরে থরে সাজানো ভোটার কার্ড, আধার কার্ড, এটিএম কার্ড সহ একাধিক এলআইসি -র বন্ড। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নামখানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোল প্লাজার কাছের ওই চায়ের দোকানের ভেতরে কয়েকটি সন্দেহভাজন ব্যাগ দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় তাঁরা ব্যাগগুলি খুলতেই চক্ষু চড়কগাছ সবার! ওই ব্যাগগুলির ভেতর থেকে উদ্ধার হয় ৩৫টি আধার কার্ড, ৯টি ভোটার কার্ড, ৩৮টি এলআইসির বন্ড এবং ২৬টি বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কার্ড ও পাসবুক।
চায়ের দোকানে এত নথিপত্র পাওয়ার পর স্থানীয় মানুষজন ওই চা ব্যবসায়ীকে চেপে ধরলে তিনি এক বিস্ফোরক দাবি করেন। ওই ব্যবসায়ী জানান, কয়েক মাস আগে স্থানীয় পোস্ট অফিসের এক কর্মী তাঁর দোকানে এসে এই সমস্ত নথিপত্র ভর্তি ব্যাগগুলি রেখে চলে যান। এর কিছুদিন পরেই ওই পোস্ট অফিস কর্মী অন্যত্র বদলি হয়ে যান। তবে বদলি হয়ে গেলেও ওই কর্মী পরে চা ব্যবসায়ীর সাথে যোগাযোগ করেন এবং এই নথিগুলি যত্ন করে গুছিয়ে রাখার কথা বলেন।
পোস্ট অফিসের মাধ্যমে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছানোর কথা ছিল এই আধার বা এটিএম কার্ডগুলি। কিন্তু সেগুলি উপভোক্তাদের হাতে না পৌঁছে কেন মাসের পর মাস চায়ের দোকানে পড়ে রইল, তার পেছনে কোনো বড়সড় ব্যাঙ্ক জালিয়াতি বা সাইবার ক্রাইমের ছক ছিল কি না—তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে নামখানা থানার পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।