রোহিতকে নিয়েও সংশয়, আফগানিস্তান সিরিজ়ে শর্মার খেলার সম্ভাবনা কম

Jun 5, 2026 - 13:33
 3
রোহিতকে নিয়েও সংশয়, আফগানিস্তান সিরিজ়ে শর্মার খেলার সম্ভাবনা কম

আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। এ বার সংশয় তৈরি হয়েছে রোহিত শর্মাকে নিয়েও। সময় মতো ফিটনেসের পরীক্ষা দিতে না পারলে তাঁকে খেলানো হবে না। আইপিএলের পর রোহিতকে বোর্ড নির্দেশ দিয়েছিল উৎকর্ষ কেন্দ্রে পৌঁছতে। রোহিত এখনও সেখানে যাননি। উৎকর্ষ কেন্দ্রে গিয়ে ফিটনেসের প্রমাণ দিলে তবেই আফগানিস্তান সিরিজ়ে নেওয়া হবে তাঁকে। রোহিত দেরি করায় শেষ পর্যন্ত আফগানিস্তান সিরিজ়‌ থেকে বাদ পড়তে পারে তাঁর নাম। তিনি এখন কোথায় রয়েছেন, কী করছেন সে সম্পর্কেও বোর্ডের কাছে কোনও খবর নেই।রোহিত যদি ফিটনেস পরীক্ষায় উতরোতে না পারেন তা হলে নির্বাচকেরা যশস্বী জয়সওয়ালকে এক দিনের দলে নিতে পারেন। এ ছাড়া বিকল্প ওপেনার হিসাবে ঈশান কিশনও রয়েছেন নির্বাচকদের ভাবনায়। তবে টেকনিক-সহ বিভিন্ন বিষয়ে যশস্বী এগিয়ে থাকায় তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি।সমস্যা রয়েছে হার্দিক পাণ্ড্যকে নিয়েও। তিনি উৎকর্ষ কেন্দ্রে গিয়ে ফিটনেসের পরীক্ষা দিচ্ছেন। তবে বল করার অনুমতি পেলে তবেই হার্দিককে এক দিনের দলে নেওয়া হবে। না হলে তাঁর জায়গাতেও কোনও পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করবে বোর্ড।