মেশিনের পাশে জন্ত্রী নারী, নারী দিবসে মানসিংপুরে বদলাচ্ছে গ্রামবাংলার ছবি
ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তাঁদের দিন। রান্না, সন্তান সামলানো ও বাড়ির নিত্যদিনের কাজ সেরে সকাল গড়াতেই তাঁরা পা বাড়ান কাজের পথে। হাওড়ার জগৎবল্লভপুরের মানসিংপুর গ্রামে কয়েকজন গ্রামীণ মহিলা এখন কারখানার মেশিন চালিয়ে তৈরি করছেন ইলেকট্রনিক্স যন্ত্রাংশ।
একসময় যাঁদের জীবন সীমাবদ্ধ ছিল গৃহকর্মের গণ্ডিতে, আজ তাঁরাই মেশিনের সামনে দাঁড়িয়ে সংসারের অর্থনৈতিক ভিত মজবুত করছেন। মেশিনের শব্দ, লোহার গন্ধ আর তেল-কালী মাখা হাতের মধ্যেই তাঁরা খুঁজে পেয়েছেন আত্মসম্মান ও আত্মনির্ভরতার নতুন অর্থ।
এই উদ্যোগের উদ্যোক্তা সমর মণ্ডল জানান, গ্রামের আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের কাজের সুযোগ করে দিতেই তিনি এই ইউনিট শুরু করেন। বর্তমানে তাঁর কারখানায় কয়েকটি যন্ত্রে নিয়মিত কাজ করছেন পাঁচজন মহিলা কর্মী।
সকালবেলায় বাড়ির কাজ সেরে প্রায় দশটার সময় তাঁরা কাজে আসেন। দুপুরে বাড়ি গিয়ে খাওয়া সেরে আবার কাজে ফেরেন। বিকেলের দিকে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে সন্ধ্যার আগেই ফিরে যান নিজেদের সংসারে।
গ্রামের বাসিন্দাদের মতে, এই উদ্যোগ শুধু কর্মসংস্থানের পথই খুলে দেয়নি, বদলে দিয়েছে মানুষের মানসিকতাও। একসময় মনে করা হত মেশিনের কাজ শুধু পুরুষের, এখন সেই ধারণা ভেঙে গ্রামের মহিলারাই দক্ষতার সঙ্গে সেই কাজ করছেন।
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে মানসিংপুর যেন এক নতুন বার্তা দিচ্ছে—নারীরা আর শুধু সংসারের নেপথ্য শক্তি নন, তাঁরা আজ সমাজের উৎপাদন ব্যবস্থারও গুরুত্বপূর্ণ অংশ।