মোদি চান যুবসমাজ রিল বানাক আর পকোড়া ভাজুক, তোপ রাহুলের

Jun 8, 2026 - 07:12
 4
মোদি চান যুবসমাজ রিল বানাক আর পকোড়া ভাজুক, তোপ রাহুলের

প্রধানমন্ত্রী চান দেশের যুবসমাজ শুধু রিল বানাবে আর পকোড়া ভাজবে! সিবিএসই পরীক্ষায় উত্তরপত্র বদলে যাওয়া নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সিবিএসইর পোর্টালে সমস্যা সমাধানে সার্থক এবং তার সহপাঠী নিসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাদের উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন রাহুল।সার্থকের সঙ্গে সাক্ষাৎ করার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ। তাঁর কথায়, ‘মাত্র ১৮ বছর বয়স হলেও সার্থকের সাহস এবং নৈতিকতা কারওর থেকে কম নয়। তারা এমন একটা কাজ করেছে যেটা দেশের প্রথমসারির মিডিয়াও করতে পারেনি। আসলে মোদিজী চান আমাদের যুবসমাজ স্রেফ রিল বানাক আর পকোড়া ভাজুক। তারা যেন চোখ খুলে প্রশ্ন না করে। কিন্তু এই বাচ্চাগুলো প্রশ্ন করেছে। সিবিআইকেও হারিয়ে দিয়েছে ১৮ বছরের এই খুদে। যুবসমাজের এই সাফল্য আসলে সরকারের ব্যর্থতা।’ দেশের যুবসমাজের প্রশংসায় পঞ্চমুখ রাহুল আরও বলেছেন, ‘ভারতের যুবক-যুবতীদের মনে প্রশ্ন রয়েছে। তারা যথেষ্ট সতর্ক, জ্ঞান রয়েছে। সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি। মনে রাখা দরকার, এই ভবিষ্যৎ প্রজন্ম কোনও ছলচাতুরির ফাঁদে পা দেবে না।’ উল্লেখ্য, নিট, সিবিএসই-সহ নানা পরীক্ষায় অনিয়ম নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছিলেন রাহুল। এবার সেই ইস্যুতেই ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ শানালেন তিনি।