কাশ্মীরি পণ্ডিতদের নাম-ঠিকানা প্রকাশ করে হুমকি জঙ্গিদের

Aug 25, 2026 - 11:27
 5
কাশ্মীরি পণ্ডিতদের নাম-ঠিকানা প্রকাশ করে হুমকি জঙ্গিদের

কেন্দ্রের তরফে কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরানোর প্রক্রিয়ার মাঝে এবার জঙ্গিদের তরফে এল হুমকি চিঠি। যেখানে কাশ্মীরি পণ্ডিতদের নাম, ঠিকানা এমনকী বাড়ির নম্বর তুলে ধরে লেখা হয়েছে, ‘আপনাদের প্রতিটি গতিবিধির উপর নজর রয়েছে আমাদের।’ পণ্ডিতদের ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেছে জঙ্গিরা। কাশ্মীরি পণ্ডিতদের নিশানায় নিয়ে জঙ্গিদের তরফে এমন দুটি চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘যেসব কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর ছাড়েননি তাঁরা নিরাপদে আছেন এবং থাকবেন। কিন্তু যারা চলে গিয়েছেন এবং এখানে আরএসএসের কর্মসূচি অনুসরণ করছেন এটা তাদের জন্য। আমি আপনাদের আগেও সতর্ক করেছি, এই সব লোকেদের প্রতিটি পদক্ষেপের উপর আমাদের নজর রয়েছে।’ এই হুমকি চিঠিতে আহমেদ বিলাল নামে এক ব্যক্তির সই রয়েছে। এহেন হুমকি চিঠি সামনে আসতেই তদন্ত নেমেছে পুলিশ।প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই চিঠি পাঠিয়েছে ইউনাইটেড লিবারেশন কাউন্সিল। যা লস্কর-ই-তইবার একটি ফ্রন্ট। কাশ্মীরি পণ্ডিতদের ভয় দেখিয়ে এলাকা ছাড়া করতে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে মনে করছেন তদন্তকারীরা। এর আগেও জঙ্গিরা এই ধরনের হুমকি দিয়েছিল। যদিও সেখানে কারও নাম ঠিকানা উল্লেখ করা হয়নি। এদিকে হুমকির ঘটনা সামনে আসার পর সরকারি দপ্তরগুলি পণ্ডিতদের জন্য কয়েকদিনের ছুটি দিয়েছে। তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে।উল্লেখ্য, গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছিলেন, উপত্যকায় কর্মরত কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশে জঙ্গিদের এই হুমকি হালকাভাবে নেওয়া উচিত নয়। নিরাপত্তা আধিকারিদের উচিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা। আবদুল্লার কথায়, “আমরা বারবার শুনছি জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ হয়ে গিয়েছে এবং এখন আর কোনও জঙ্গি অবশিষ্ট নেই। তাহলে এই হুমকিগুলো আসছে কোথা থেকে? নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের এই হুমকিগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয়।”