চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ও পুরসভার ভাইস-চেয়ারম্যান পার্থ সাহাকে আটক করল পুলিশ
চুঁচুড়া: চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং চুঁচুড়া পুরসভার ভাইস-চেয়ারম্যান পার্থ সাহাকে আটক করল চুঁচুড়া থানার পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও পথ অবরোধের জেরে এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অভিযোগ, গতকাল পিপুলপাতি এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চলা ওই কর্মসূচিতে পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকর্মীদের ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ।
ঘটনার পরিপ্রেক্ষিতে চুঁচুড়া থানার পুলিশ অসিত মজুমদার ও পার্থ সাহাকে আটক করে। পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, পথ অবরোধ, বিক্ষোভ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসেবে চুঁচুড়ার এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলে দলীয় সূত্রে দাবি।