তালাবন্দি কমিউনিটি শৌচালয় খুলে দিল বিজেপি, পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নিলেন কর্মীরা
দুর্গাপুর: দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ বাসস্ট্যান্ড ও গোপালমাঠ বাজার সংলগ্ন দুর্গাপুর নগর নিগমের একটি কমিউনিটি শৌচালয় দীর্ঘদিন তালাবন্দি থাকার অভিযোগ তুলে তা সাধারণ মানুষের জন্য খুলে দিল বিজেপি। রবিবার সকালে বিজেপি কর্মী-সমর্থকেরা সেখানে পৌঁছে শৌচালয়ের তালা ভেঙে প্রবেশ করেন এবং পরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেও অংশ নেন।
বিজেপির অভিযোগ, সরকারি অর্থে নির্মিত ওই কমিউনিটি শৌচালয় দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে ছিল। সাধারণ মানুষের ব্যবহারের জন্য নির্মিত হলেও স্থানীয় বাসিন্দারা তা ব্যবহার করতে পারছিলেন না। দলের দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্বের নিয়ন্ত্রণে থাকায় শৌচালয়টি কার্যত সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল।
রবিবার বিজেপির জেলা যুব মোর্চার সহ-সভাপতি সুমন গোপের নেতৃত্বে কর্মীরা সেখানে যান। অভিযোগ অনুযায়ী, তিনি হাতুড়ি দিয়ে তালা ভেঙে শৌচালয়ের দরজা খুলে দেন। এরপর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শৌচালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করেন।
বিজেপির আরও দাবি, শৌচালয়ের পাশেই অবস্থিত একটি শিশু উদ্যানও দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ব্যবহারের বাইরে ছিল। এদিন সেই উদ্যানটিও শিশুদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদিও বিজেপির তোলা অভিযোগের বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনস্বার্থে নির্মিত পরিকাঠামো সাধারণ মানুষের ব্যবহারের জন্য সর্বদা খোলা রাখা উচিত।
এই ঘটনাকে কেন্দ্র করে গোপালমাঠ এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।