জয়ের পর প্রথম নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, শান্তির বার্তা ও উন্নয়নের প্রতিশ্রুতি

May 7, 2026 - 13:46
 9
জয়ের পর প্রথম নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, শান্তির বার্তা ও উন্নয়নের প্রতিশ্রুতি

নন্দীগ্রাম: জয়ের পর প্রথমবার নন্দীগ্রামে গিয়ে পুজো ও দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি হনুমান জিউর মন্দিরে পুজো দেন এবং পরে নন্দীগ্রামের কেন্দ্রীয় বিজেপি কার্যালয়ে পৌঁছন।

সেখানে কয়েক হাজার কর্মী-সমর্থক তাঁকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। শুভেন্দু অধিকারী সকলকে ধন্যবাদ জানিয়ে শান্তি বজায় রাখার আবেদন করেন। তিনি স্পষ্ট বার্তা দেন, "কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।"

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, "কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কামড়ায় না।” পাশাপাশি তিনি জানান, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সমস্ত ফাইলচাপা মামলা পুনরায় খোলা হবে।

উন্নয়নের প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে সেতু নির্মাণ করা হবে। তিনি বলেন, "আমরা এমন কাজ করব যাতে আগামী ১০০ বছর বিজেপি মানুষের পাশে থাকতে পারে।"

তিনি আরও জানান, আগামী ১০ দিনের মধ্যে একটি পদ ছাড়তে হবে, তবে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না।

এরপর হরিপুরে কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি এবং সেখান থেকে রেয়াপাড়ার বিজেপি কার্যালয়ে যান। সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলেও জানান তিনি।