অধিকৃত কাশ্মীরে পাক সেনার সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষে নিহত ১১

Jun 10, 2026 - 12:31
 4
অধিকৃত কাশ্মীরে পাক সেনার সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষে নিহত ১১

অধিকৃত কাশ্মীরে পাক সেনার নির্যাতনের বিরুদ্ধে সরব স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাওয়ালকোটে পাক সেনার সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত হয়েছেন আরও ৭০ জন। এই ঘটনার নিন্দা করল ভারত।ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ” খবর মিলেছে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে পুলিশ চরম দমন-পীড়ন চালাচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। আশা করি পাকিস্তানের এই অপকর্ম ও অপব্যবহারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় জবাবদিহি চাইবে।” রণধীর যোগ করেন, “এই ঘটনা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার চেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার মরিয়া প্রচেষ্টা।” উল্লেখ্য, আগামী ২৭ জুলাই অধিকৃত কাশ্মীরে নির্বাচন করাচ্ছে পাক সরকার। সেই নির্বাচনের ফল সরকারের বিরুদ্ধে যেতে পারে এই আশঙ্কায় সন্ত্রাসী সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে মাঠে নেমে পড়েছে সেনা। নিষিদ্ধ করা হয়েছে নাগরিক সমাজের জোট ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (জেএএসি)-কে। এরই প্রতিবাদে মঙ্গলবার ধর্মঘটের ডাক দিয়েছিন জেএসি। তবে তার আগেই পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে।রাওয়ালকোটের এক সরকারি হাসপাতালের মর্গের সামনে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। এখানে রাখা ছিল পুলিশের গুলিতে মৃত এক সমাজকর্মীর দেহ। শান্তিপূর্ণ সেই জমায়েতেই হামলার অভিযোগ ওঠে পাক রেঞ্জার্স ও পুলিশের বিরুদ্ধে। পালটা পুলিশের উপর আক্রমণ করে ক্ষুব্ধ জনতা। এই খণ্ডযুদ্ধে ৪ নিরাপত্তারক্ষীর পাশাপাশি ৬ সাধারণ নাগরিকের মৃত্যু হয়। ১১ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও ৭০ জন।