নামখানায় তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দেহ!খুনের অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের*
অমিত মন্ডল, কাকদ্বীপ: তিন দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে নামখানা ব্লকের নারায়ণপুর এলাকায় উদ্ধার হলো এক যুবকের দেহ। পুকুর থেকে দেহটি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুনের অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মৃত যুবকের নাম বুদ্ধদেব চক্রবর্তী (৩৭)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার শিবরাত্রির দিন এক প্রতিবেশীর বাড়িতে প্রসাদ খেতে গিয়েছিলেন বুদ্ধদেব। তারপর থেকেই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর চালালেও তাঁর কোনো হদিস মেলেনি। অবশেষে মঙ্গলবার সকালে নামখানা ব্লকের কাকদ্বীপ থানার নারায়ণপুরের তৃতীয় ঘেরী এলাকার একটি পুকুরে তাঁর দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, নিখোঁজ হওয়ার পর পুলিশি তৎপরতা ঠিকঠাক থাকলে এই পরিণতি হতো না। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পরিবারের স্পষ্ট দাবি, বুদ্ধদেবকে পরিকল্পনা করে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। খুনের নেপথ্যে পুরনো কোনো শত্রুতা নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।