বারুইপুরে যুব তৃণমূলের মহামিছিল, কেন্দ্রের বাজেট ও ‘এসআইআর’-এর প্রতিবাদ

Feb 17, 2026 - 13:46
 6
বারুইপুরে যুব তৃণমূলের মহামিছিল, কেন্দ্রের বাজেট ও ‘এসআইআর’-এর প্রতিবাদ

প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেট ও পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগে, পাশাপাশি ‘এসআইআর’-এর নামে সাধারণ মানুষকে হেনস্তার প্রতিবাদে বারুইপুর শহর যুব তৃণমূল কংগ্রেস-এর উদ্যোগে মহা মিছিল অনুষ্ঠিত হল বারুইপুর রাজপথে। দলীয় সূত্রে জানা যায়, মিছিলটি শুরু হয় বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সোনার তরী এলাকা থেকে। সেখান থেকে শহরের প্রধান সড়ক অতিক্রম করে রবীন্দ্র ভবন পর্যন্ত যায়। যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

                 মিছিলে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার একাধিক পৌরপিতা - পৌরমাতা, বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সদস্যরা। এছাড়াও কয়েক হাজার যুব তৃণমূল কর্মী-সমর্থক মিছিলে অংশ নেন। বিমান বন্দ্যোপাধ্যায় বক্তব্যে বলেন, কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের ‘এসআইআর’ প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘যুব সাথী’ ও ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এই মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

                মিছিলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এবং ‘এসআইআর’-এর প্রতিবাদে একাধিক স্লোগান ওঠে। পাশাপাশি বি.এল.ও-দের উপর চাপ ও হয়রানির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।