আবারও বিমল গুরুং-ই ভরসা বিজেপির, অমিত শাহের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

Feb 14, 2026 - 15:36
 14
আবারও বিমল গুরুং-ই ভরসা বিজেপির, অমিত শাহের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

সংবাদ সংস্থা ঃ পাহাড়ে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে লোকসভা নির্বাচনের পর এবার বিধানসভা ভোটেও সেই বিমল গুরুং-কেই ভরসা করতে চলেছে বিজেপি—এমনই ইঙ্গিত মিলছে রাজনৈতিক মহলের বিভিন্ন সূত্রে। খবর, পাহাড়ে সংগঠনকে শক্তিশালী করতে গোর্খা জনমুক্তি মোর্চা-র সমর্থন অথবা জোটের পথ খুঁজছে ভারতীয় জনতা পার্টি। সূত্রের দাবি, বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন দার্জিলিং লোকসভার বিজেপি সাংসদ রাজু বিস্তা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং এবং নেতা রোশন গিরি। এই বৈঠক ঘিরেই পাহাড়ের রাজনীতিতে নতুন করে জল্পনা তুঙ্গে উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাহাড়ে বিজেপির সংগঠনগত ভিত এখনও ততটা মজবুত নয়। অতীতে বিমল গুরুংয়ের নেতৃত্বে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে সমঝোতার ফলেই পাহাড়ে সাফল্য পেয়েছিল বিজেপি। সেই পুরনো সমীকরণ ফের সক্রিয় করেই বিধানসভা নির্বাচনে ভালো ফল করার পরিকল্পনা করছে পদ্ম শিবির। যদিও এই বৈঠক বা সম্ভাব্য জোট নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রাজু বিস্তা। বিজেপি নেতৃত্বও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে রাজনৈতিক মহলের ধারণা, পাহাড়ে তৃণমূল কংগ্রেসের প্রভাব বাড়তে থাকায় বিজেপি ফের বিমল গুরুংকে সামনে রেখেই লড়াইয়ের কৌশল সাজাতে পারে।

সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনের আগে পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ গড়ে উঠতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।