দিঘায় পর্যটক ভিড়ের জোয়ার, ২০০ কোটিতে অত্যাধুনিক হোটেল গড়বে হিডকো

Feb 15, 2026 - 08:00
 16
দিঘায় পর্যটক ভিড়ের জোয়ার, ২০০ কোটিতে অত্যাধুনিক হোটেল গড়বে হিডকো

দেশের পর্যটন মানচিত্রে দ্রুত এগোচ্ছে বাংলা। সাম্প্রতিক সময়ে নতুন করে গুরুত্ব পাচ্ছে দিঘা-র জগন্নাথধামকে কেন্দ্র করে পর্যটনের জোয়ার। সংশ্লিষ্ট মহলের দাবি, গত ছয় মাসে দিঘায় বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধুমাত্র ডিসেম্বর মাসেই দর্শনার্থীর সংখ্যা কোটির গণ্ডি ছাড়িয়েছে, যার মধ্যে প্রায় ১৫ হাজার ছিলেন বিদেশি পর্যটক। ইসকন সূত্রে জানা গিয়েছে, বর্তমান প্রবণতা বজায় থাকলে আগামী ছয় মাসের মধ্যেই বিদেশি পর্যটকের সংখ্যা লক্ষ ছুঁতে পারে।

এই বাড়তি পর্যটক চাপ সামাল দিতেই দিঘায় অত্যাধুনিক হোটেল নির্মাণের উদ্যোগ নিল হিডকো। পশ্চিম গঙ্গাধরপুর মৌজায় ৪৬টি প্লট মিলিয়ে প্রায় ১০ একর জমিতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে এই হোটেল গড়ে তোলা হবে। হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের অর্থ ও স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, জগন্নাথধাম তৈরির পর দিঘায় পর্যটকের সংখ্যা আরও বেড়েছে। সেই কারণেই সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের কথা মাথায় রেখে এই প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকল্পের জন্য ইতিমধ্যেই জোড়া দরপত্র ডাকা হয়েছে। প্রথম দরপত্রে ৩৪টি প্লটের ৬.৮৮ একর এবং দ্বিতীয় দরপত্রে ১২টি প্লটের ২.২৯ একর জমিতে নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। ই-অকশন প্রক্রিয়ায় আগামী ১৮ মার্চ দরপত্র চূড়ান্ত হবে। শর্ত হিসেবে গত তিন আর্থিক বছরে ন্যূনতম ১০০ কোটি টাকার লেনদেন থাকা সংস্থারাই দরপত্রে অংশ নিতে পারবে। কাজ শুরু হলে আগামী পাঁচ বছরের মধ্যে হোটেল নির্মাণ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।