বারুইপুরে প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভা, ২০২৬ বিধানসভা ভোটে একক লড়াইয়ের বার্তা
বিশ্ব সমাচার, বারুইপুর :
ভারতের জাতীয় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রবিবার বারুইপুর কমলা ক্লাব ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক বর্ধিত সভার আয়োজন করা হয়। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫০ জন কংগ্রেস কর্মী ও নেতৃত্ব এই সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রদেশ কংগ্রেসের সভাপতি তপন মন্ডল, কাকদ্বীপ, গোসাবা, বাসন্তী, ভাঙড়, বারুইপুর ও নামখানা সহ বিভিন্ন অঞ্চলের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য প্রতাপ মন্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
তপন মন্ডল জানান, সাংগঠনিকভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে—বারুইপুর, ডায়মন্ড হারবার এবং ক্যানিং সাংগঠনিক অঞ্চল। রবিবারের এই সভায় মূলত বারুইপুর সাংগঠনিক অঞ্চলের নেতা-কর্মীরা অংশ নেন। সভায় সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী-র বার্তা তুলে ধরা হয়। জানানো হয়, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস এককভাবে লড়াই করবে এবং কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না। প্রত্যেক অঞ্চলের ভূমিপুত্রদের মধ্যে থেকে তিনটি করে নাম প্রস্তাব আকারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে একজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।
বক্তারা দাবি করেন, গত দুই দশকে বিভিন্ন সময় জোট রাজনীতির কারণে সংগঠনের শক্তি ক্ষয় হয়েছে এবং ভোটের শতাংশও নিম্নমুখী হয়েছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে একক লড়াইয়ের মাধ্যমে সংগঠনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বর্ধিত সভা থেকে কর্মীদের উদ্দেশে ভোটের প্রস্তুতিতে সক্রিয়ভাবে মাঠে নামার আহ্বান জানানো হয়। আগামী দিনে আরও বেশি করে মিছিল, সভা ও গণসংযোগ কর্মসূচি নেওয়ার কথাও ঘোষণা করা হয়, যাতে মানুষের আস্থা পুনরুদ্ধার করা যায়।