বাংলাদেশের নির্বাচনে বিএনপির বড় জয়ের পর তারেক রহমানকে অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের

Feb 14, 2026 - 15:39
 10
বাংলাদেশের নির্বাচনে বিএনপির বড় জয়ের পর তারেক রহমানকে অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের

স্টাফ রিপোর্ট ার ঃ বাংলাদেশের সাধারণ নির্বাচনে বড় জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রাথমিক ভোটফল ও প্রবণতা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। নির্বাচনের ফল সামনে আসতেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডলে বাংলায় পোস্ট করে তিনি লিখলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’ পাশাপাশি তাঁর আশা, দুই বাংলার সুসম্পর্ক বজায় থাকবে। অপরদিকে, শুক্রবার সকালে সমাজমাধ্যমে প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় একটি পোস্ট করে তারেককে ‘আন্তরিক অভিনন্দন’ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দুই পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি-র নির্ণায়ক জয়ে নেতৃত্বে দেওয়ার জন্য তারেক রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

ভারত-বাংলাদেশ বহুমুখী সম্পর্ককে আরও মজবুত করতে তারেককে একসঙ্গে কাজ করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী লেখেন, “আমাদের বহুমাত্রিক সম্পর্ককে মজবুত করার জন্য এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।” একই সঙ্গে মোদী লেখেন, “গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে।” প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বরাবরই সুসম্পর্ক রয়েছে। শেখ হাসিনা সরকারের সময়েও দুই বাংলার ভাল সম্পর্ক ছিল। হাসিনা সরকারের পতনের পর পালাবদলের সাক্ষী থেকেছে বাংলাদেশ। জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনার দেশত্যাগ এবং তৎপরবর্তী পরিস্থিতিতে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশ বরাবর গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের কাছে। দেশভাগ হওয়ার পরেও দুই বাংলাকে ঘিরে দু’পারের মানুষের আবেগ লক্ষণীয়। শুধু ইতিহাসের বিচারে নয়, রাজনৈতিক এবং ভৌগোলিক দিক থেকেও দুই বাংলা পরস্পরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সে দেশে রাজনীতিতে কোনও পালাবদল এলে তার আঁচ এসে পড়ে পশ্চিমবঙ্গেও। ফলে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন পশ্চিমবঙ্গের জন্য বেশ গুরুত্বপূর্ণ।