'ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে', মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে বিস্ফোরক রাহুল
ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ফের মোদি সরকারকে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদে নিজের বক্তব্যে রাহুল বলেন, যদি ইন্ডিয়া জোট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসত, তবে উভয় দেশের সমমর্যাদার কথা বলত। সেখানে মোদি সরকার ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে। সংসদের অধিবেশনে রাহুল বলেন, “আপনার ভারতকে বেঁচে দিয়েছেন, আপনাদের লজ্জা হয় না? আপনারা আমাদের মা, ভারত মাতাকে বিক্রি করেছেন।” যোগ করেন, আপনারা আমেরিকার কাছে ‘সম্পূর্ণ আত্মসমর্পণ’ করেছেন। ভারতের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে চলে গিয়েছে, আত্মমর্যাদা জলাঞ্জলি দিয়ে কৃষক স্বার্থের সঙ্গে আপস করেছেন। রাহুল যোগ করেন, যদি ইন্ডিয়া জোট সরকার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করত, তাহলে তারা ডোনাল্ড ট্রাম্পকে বলত, ভারতকে সমান মর্যাদা দিতে হবে।কংগ্রেস নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, কৃষকস্বার্থে আপস করা হয়েছে। মার্কিন কৃষিপণ্য ভারতীয় বাজারে প্লাবিত হওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা ভয়ংকর “ঝড়ের” মুখে পড়বেন। আরও অভিযোগ করেন, মার্কিন স্বার্থে বাণিজ্য চুক্তির ফলে ভারতের টেক্সটাইল শিল্পও শেষ হয়ে যাবে। দেশে বিক্রির অভিযোগের পুনরাবৃত্তি করে রাহুল গান্ধী বলেন, “আমরা একটি অস্থির সময়ের দিকে এগোচ্ছি। দেশ বিক্রি হয়ে গিয়েছে। দেশের গুরুত্ব তথ্য বিক্রি হয়ে গিয়েছে এবং এর কৃষকরাও বিক্রি হয়ে গিয়েছে।”

