বিস্কুটের প্যাকেটের আড়ালে ৩১৫ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২
প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ বুধবার রাতে একটি চার চাকার গাড়ি আটক করে ও দুজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, চার চাকার গাড়িটিতে করে বিস্কুটের প্যাকেটের আড়ালে অভিনব কায়দায় অবৈধ মাদকদ্রব্য অর্থাৎ গাঁজা পাচারের চেষ্টা করা হয়। এদিন তল্লাশি করে গাড়িটির ভিতর থেকে ৩১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে বড়সড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ। ধুলাগড় থেকে বারুইপুর আসার পথে মল্লিকপুর পঞ্চায়েত এলাকার আখনা অঞ্চলে একটি কুরিয়ার ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়েছিল। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আসিফ আলম মোল্লা ও অনিকেত নস্কর নামে দুই অভিযুক্তকে। ধৃত ব্যক্তিদের বাড়ি বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি কমলপুরে ও পঞ্চানন তলা এলাকায়। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, ধৃতরা কুরিয়ার ভ্যানে করে বিস্কুটের প্যাকেটের আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচার করছিল। গাড়ির ভেতরে বিশেষ চেম্বার তৈরি করে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল। চেম্বারের সামনে বিস্কুটের প্যাকেট দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। যাতে সহজে কেউ বুঝতে না পারে তাই এই ভাবে সাজানো হয়। তবে এই পাচারের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, পুলিশ তদন্ত শুরু করেছে।

