নেপালকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় ইটালির
বিশ্বকাপে প্রথম জয় পেল ইটালি। মাসছয়েক আগে ইতিহাস গড়ে টি-২০ বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েই ইতিহাস গড়ে ফেলেছিল তারা। এবার প্রথম জয় পেয়ে ইটালির ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন জাস্টিন মোসকা-অ্যান্থনি মোসকারা। নেপালকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সুপার এইটে ওঠার স্বপ্ন জিইয়ে রাখল ইটালি।ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইটালির অধিনায়ক হ্যারি মানেনতি। প্রথম থেকেই ইটালির স্পিনারদের সামনে নেপালের ব্যাটিং লাইন আপকে নড়বড়ে দেখায়। আট রানে প্রথম উইকেট হারায় নেপাল। তারপর থেকে কোনও ব্যাটারই উইকেটে থিতু হয়ে পালটা মার দিতে পারেননি। নেপালের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আরিফ শেখ। ১৯.৩ ওভারেই গুটিয়ে যায় নেপালি ইনিংস।১২৪ রানের টার্গেট ইটালির ব্যাটিং লাইন আপের পক্ষে কতখানি কঠিন হবে, প্রশ্ন ছিল। কিন্তু দুই ওপেনারের তাণ্ডবে মাত্র ১২.৪ ওভারেই ম্যাচ জিতে গেল ইটালি। দুই ওপেনার জাস্টিন মোসকা এবং অ্যান্থনি মোসকা যথাক্রমে ৬০ এবং ৬২ রানে অপরাজিত থাকেন। ৪৪ বল বাকি থাকতে ম্যাচ গেল ইটালির ঝুলিতে। ম্যাচের আগে পর্যন্ত পয়েন্ট টেবিলে সকলের নিচে ছিল ইটালি। কিন্তু নেপালের বিরুদ্ধে দাপুটে জয়ের পর তারা উঠে এসেছে তৃতীয় স্থানে। পিছনে ফেলে দিয়েছে ইংল্যান্ডকেও।