টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড রশিদের
হ্যারিস রউফকে টপকে নতুন বিশ্বরেকর্ড গড়লেন আদিল রশিদ। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন ইংল্যান্ডের স্পিনার।টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন রশিদ। ওই ম্যাচের আগে পর্যন্ত পাকিস্তানের জোরে বোলারের সঙ্গে যৌথ ভাবে শীর্ষে ছিলেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ২০টি টি-টোয়েন্টি ম্যাচে রউফের উইকেট সংখ্যা ৪০। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রশিদেরও ৪০টি উইকেট ছিল। বুধবার ২ উইকেট নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রশিদের উইকেট সংখ্যা হয়েছে ৪২। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২৬তম টি-টোয়েন্টি ম্যাচে এই নজির গড়েছেন ইংল্যান্ডের স্পিনার।এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউ জ়িল্যান্ডের টিম সাউদি। পাকিস্তানের বিরুদ্ধে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৩৮টি। তালিকায় চতুর্থ স্থানে রশিদ। আফগান অধিনায়ক জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ২০টি ম্যাচে ৩৫টি উইকেট নিয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন শাহিন আফ্রিদি। পাক বোলার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ২৫টি ২০ ওভারের ম্যাচে ৩৫টি উইকেট নিয়েছেন।সব মিলিয়ে কোনও একটি দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি উইকেট নেওয়ার নজির রয়েছে রশিদের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২১টি ম্যাচে ৪৫টি উইকেট রয়েছে তাঁর। এই তালিকায় দ্বিতীয় স্থানে রশিদের ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৪২টি উইকেট। তৃতীয় স্থানে রয়েছেন উগান্ডার হেনরি সেনয়োডো। রোয়ান্ডার বিরুদ্ধে ২০টি টি-টোয়েন্টি ম্যাচে ৪২টি উইকেট নিয়েছেন তিনি।