ফেব্রুয়ারিতেই ফ্যানের হাওয়া, ৩১ ডিগ্রির পথে পারদ! নিম্নচাপের জেরে কি ভিজবে রাজ্য?

Feb 16, 2026 - 12:48
 5
ফেব্রুয়ারিতেই ফ্যানের হাওয়া, ৩১ ডিগ্রির পথে পারদ! নিম্নচাপের জেরে কি ভিজবে রাজ্য?

কলকাতা: টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে যেমন গোহারা হারিয়েছিল ভারত, তেমনই এ বার বাংলার মাটি থেকে শীত প্রায় ‘বোল্ড আউট’। বিদায়ের পথে শীত, আর ফেব্রুয়ারির মাঝামাঝিতেই ফ্যানের সুইচ অন করতে বাধ্য হচ্ছেন অনেকেই। যদিও ভোরের দিকে এখনও কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা ঠান্ডা এবং কোথাও কোথাও কুয়াশার দেখা মিলছে, তবে সেই আমেজ বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। সকাল গড়াতেই রোদের তেজ বাড়ছে, সঙ্গে চড়ছে অস্বস্তির পারদ।

আলিপুর আবহাওয়া দফতর তথা India Meteorological Department (IMD) জানিয়েছে, পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টি হবে কি না, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

বর্তমানে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। চলতি সপ্তাহে তা বেড়ে ১৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। ফলে দুপুরের পর থেকেই গরমের আমেজ স্পষ্ট হবে মহানগরে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রায় একই ছবি। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। সকাল ৮টা-৯টার মধ্যেই মিলিয়ে যাবে শীতের ছোঁয়া। ১৭ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে পারদ ৩১ ডিগ্রি ছুঁতে পারে বলেই ইঙ্গিত আবহাওয়াবিদদের।

সব মিলিয়ে, ফেব্রুয়ারিতেই গলদঘর্ম পরিস্থিতির ইঙ্গিত স্পষ্ট। এখন নজর নিম্নচাপের গতিপ্রকৃতির দিকে—তা বৃষ্টি আনবে, না কি শুধুই বাড়াবে গরমের দাপট, সেটাই দেখার।