বসন্তেই ঝড়বৃষ্টির সম্ভাবনা, একাধিক জেলায় হলুদ সতর্কতা
শীতের আমেজ রাজ্যের বেশির ভাগ অঞ্চল থেকেই প্রায় মিলিয়ে গিয়েছে। ভোরের দিকে আবহাওয়া এখনও মনোরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বসন্তের রোদের তেজ বাড়ছে। এই পরিস্থিতিতেই রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় হলুদ সতর্কতা রয়েছে। এই সব জেলায় হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। ওই দিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় বৃষ্টি নাও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে উত্তরবঙ্গেও রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে প্রায় গোটা সপ্তাহ ধরেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলতে পারে।
তবে এই ঝড়বৃষ্টির মধ্যেও আগামী সাত দিনে রাজ্যের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রবিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং রাতের তাপমাত্রা থাকবে প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বিকেলের পর থেকে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।