কুলতলিতে লো ভোল্টেজে নাজেহাল দুই গ্রাম পঞ্চায়েত, পরীক্ষার মরসুমে চরম ভোগান্তি পড়ুয়াদের
রফিকুল ঢালী, কুলতলি :
দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপিঠ বৈকুণ্ঠপুর ও গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে লো ভোল্টেজের সমস্যায় চরম ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ সংযোগ থাকলেও দিনের অধিকাংশ সময় পরিষেবা বিঘ্নিত হচ্ছে। আর বিদ্যুৎ থাকলেও ভোল্টেজ এতটাই কম যে, স্বাভাবিকভাবে বৈদ্যুতিক সরঞ্জাম চালানো যাচ্ছে না।
বর্তমানে পরীক্ষার মরসুম চলায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা। অভিযোগ, লো ভোল্টেজের কারণে ঠিকমতো আলো জ্বলে না। অনেক ক্ষেত্রে ল্যাম্প বা বিকল্প আলোর ব্যবস্থা করে পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের। এতে যেমন পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, তেমনই অভিভাবকদের মধ্যেও বাড়ছে উদ্বেগ।
অন্যদিকে কৃষকরাও সমস্যায় পড়েছেন। সেচের কাজে বিদ্যুতের উপর নির্ভরশীল পাম্প লো ভোল্টেজের কারণে সঠিকভাবে কাজ করছে না বলে অভিযোগ। ফলে চাষাবাদে প্রভাব পড়ছে এবং আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। অভিযোগের পর শুধু আশ্বাসই মিলেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
এ বিষয়ে কুলতলি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ আব্দুল কাহার ঘরামি জানান, সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে। ইতিমধ্যেই একটি নতুন সাবস্টেশন তৈরির কাজ শুরু হয়েছে। তবে কবে নাগাদ পুরোপুরি সমস্যার সমাধান হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা