ডায়মন্ড হারবারে ১০৮ জন হজ্জ্ব যাত্রীকে টিকা, স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ

Feb 17, 2026 - 13:42
 11
ডায়মন্ড হারবারে ১০৮ জন হজ্জ্ব যাত্রীকে টিকা, স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার : পবিত্র হজ যাত্রা উপলক্ষ্যে ১০৮ জন হজ যাত্রীকে টিকা দেওয়া হল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। সোমবার দুপুরে আয়োজিত বিশেষ শিবিরে এই টিকাকরণ কর্মসূচি সম্পন্ন হয়।

                জানা গিয়েছে, কয়েক মাস পর মুসলিম সম্প্রদায়ের পবিত্র হজ যাত্রা শুরু হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা দেবেন। সৌদি আরব সরকারের নির্ধারিত স্বাস্থ্যবিধি ও প্রোটোকল অনুযায়ী হজযাত্রীদের নির্দিষ্ট টিকা গ্রহণ বাধ্যতামূলক। ২০২৬ সালের হজ যাত্রা আগামী ৪ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা। তার আগে রাজ্যের বিভিন্ন জেলা স্বাস্থ্য দপ্তরে টিকাকরণের নির্দেশ পাঠায় স্বাস্থ্য ভবন। সেই নির্দেশ মেনে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার পক্ষ থেকে টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। এদিন মেডিকেল কলেজের অডিটোরিয়ামে ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমা এলাকার মোট ১০৮ জন হজ যাত্রীকে টিকা দেওয়া হয়।

                ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত কুমার শুকুল জানান, প্রতিবছর হজযাত্রীদের সৌদি সরকারের প্রোটোকল অনুযায়ী টিকা দেওয়া হয়। ২০২৬ সালের হজ যাত্রাকে সামনে রেখে স্বাস্থ্য ভবনের নির্দেশ অনুযায়ী জেলার তালিকাভুক্ত ১০৮ জন পুণ্যার্থীকে এদিন টিকাকরণ করা হয়েছে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন পান্নালাল হালদার। তিনি হজযাত্রীদের শুভেচ্ছা জানান এবং তাঁদের সুস্থভাবে হজ পালন করে নিরাপদে বাড়ি ফেরার জন্য প্রার্থনা করেন।