বারুইপুরে চুরির কিনারা, গ্রেপ্তার দুই

Feb 17, 2026 - 10:02
 5
বারুইপুরে চুরির কিনারা, গ্রেপ্তার দুই

প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : গত এক মাসে বারুইপুর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অবশেষে তদন্তে নেমে চুরির কিনারা করল বারুইপুর থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

                পুলিশ সূত্রে জানা গিয়েছে, মল্লিকপুর এলাকা থেকে আজমাইল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মল্লিকপুরের বাসিন্দা এবং চুরির সঙ্গে সরাসরি যুক্ত বলে দাবি পুলিশের। পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী কেনার অভিযোগে সালাম গাজি নামে এক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে।

               স্থানীয় সূত্রে খবর, চলতি মাসের ১০ তারিখ বারুইপুরের উত্তরভাগ এলাকায় একটি বাড়ির অ্যাসবেসটস ভেঙে নগদ টাকা, সোনার গহনা-সহ একাধিক মূল্যবান সামগ্রী চুরি যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের স্বার্থে কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় আজমাইল শেখের নাম সামনে আসে। পরে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে বলে দাবি পুলিশের। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া সোনার গহনা ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে একটি আয়রন রডও, যা চুরির কাজে ব্যবহৃত হয়েছে বলে অনুমান। পুলিশ জানায়, চুরি করা গয়না মল্লিকপুরের একটি দোকানে বিক্রি করেছিল আজমাইল। সেই সূত্র ধরেই হটোর এলাকার বাসিন্দা ব্যবসায়ী সালাম গাজিকে গ্রেপ্তার করা হয়। ধৃত দুই অভিযুক্তকে সোমবার বারুইপুর আদালতে তোলা হয়।