মমতা-অভিষেকের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁট, সরানো হল ব্যারিকেড ও পুলিশ কিয়স্ক
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, নিরাপত্তা পর্যালোচনায় দেখা গিয়েছে-তাঁরা এতদিন সর্বোচ্চ স্তর অর্থাৎ জেড প্লাস ক্যাটেগরির থেকেও বেশি নিরাপত্তা পাচ্ছিলেন।
ইতিমধ্যেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার পথে থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে।
হরিশ মুখার্জী রোডের ১৮৮এ 'শান্তিনিকেতন' বিল্ডিং এবং কালীঘাট রোড-এই দুই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালেই পুলিশ কিয়স্ক সরিয়ে নেওয়া হয় এবং দায়িত্বে থাকা পুলিশকর্মীরাও সেখান থেকে সরে যান।
পাশাপাশি, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনেও অতিরিক্ত নিরাপত্তা কর্মী ও পুলিশ মোতায়েন প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
নিরাপত্তা ব্যবস্থার এই পরিবর্তন প্রশাসনিক পর্যালোচনার ভিত্তিতেই করা হয়েছে বলে সূত্রের দাবি।