বালি স্টেশনে বেআইনি দোকান উচ্ছেদের নোটিশ, আতঙ্কে ব্যবসায়ীরা

May 3, 2026 - 13:31
 10
বালি স্টেশনে বেআইনি দোকান  উচ্ছেদের নোটিশ, আতঙ্কে ব্যবসায়ীরা

হাওড়া: ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বালি স্টেশনে প্ল্যাটফর্ম সংলগ্ন বেআইনি দোকান উচ্ছেদের নোটিশ জারি করেছে পূর্ব রেল। স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে।

জানা যায়, ২০২৫ সাল থেকেই রেলের তরফে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। সেই সময় দোকানদার ও তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পুনর্বাসনের দাবিতে রেল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হয়। ফলে কিছুদিন উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত থাকলেও ৩০ তারিখে ফের নোটিশ জারি করা হয়।

এরপর মাইকিং করে দোকানদারদের নিজেদের উদ্যোগে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান না সরালে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে।

এই ঘোষণার পর থেকেই স্টেশন সংলগ্ন ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে ক্ষোভও প্রকাশ করেছেন অনেকেই।