ভবানীপুরে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রকে তীব্র আক্রমণ -'২ নম্বর মানেই ভিক্টোরি' বার্তা
কলকাতা, ভবানীপুর:
বিধানসভা ভোটের প্রাক্কালে ভবানীপুরে জনসংযোগে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেক্সপিয়ার সরণি ও সংলগ্ন এলাকায় একাধিক আবাসনে গিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং সমর্থন প্রার্থনা করেন।
এদিন তিনি বলেন, "আপনাদের সঙ্গে প্রতিটি উৎসবে আমার দেখা হয়। ভবানীপুর আমার চেনা এলাকা। এখানে ব্যবসায়ী, দোকানদার-সবাই আমার আপনজন।" বড়দিন থেকে দীপাবলি-বিভিন্ন উৎসবে তাঁর উপস্থিতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
দিল্লির রাজনীতির প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় বিরোধীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। "দেশের সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে, গ্যাস সংকট তৈরি হয়েছে,"-বলেন তিনি।
মহিলা সংরক্ষণ বিল নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, "২০২৩ সালেই মহিলা বিল পাস হয়ে গিয়েছে। এখন ডিলিমিটেশন বিলকে সামনে রেখে অপপ্রচার করা হচ্ছে।" একই সঙ্গে তিনি জানান, লোকসভায় তৃণমূল কংগ্রেসের মহিলা প্রতিনিধিত্ব ৩৩ শতাংশেরও বেশি।
ভাষণ থেকে ধর্মীয় বিভাজনের রাজনীতিরও কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা চলছে, যা বাংলার সংস্কৃতি নয়।"
ভোটারদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দেন, "আমার ইভিএম প্রতীক ২ নম্বরে। কেউ বিভ্রান্তি ছড়াতে পারে, তাই ভোটার স্লিপ দেখে নিশ্চিত হয়ে ভোট দেবেন। ২ নম্বর মানেই ভিক্টোরি।"
এদিন তিনি শেক্সপিয়ার সরণির গঙ্গা-যমুনা অ্যাপার্টমেন্ট-সহ মোট ৮টি আবাসনের বাসিন্দাদের সঙ্গে দেখা করেন। 28/1 শেক্সপিয়ার সরণিতেও গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমর্থন চান।
সবমিলিয়ে, ভোটের আগে ভবানীপুরে এই সরাসরি জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী।