মুষলধারে বৃষ্টিতে মাটির বাড়ি ধস, চাপা পড়ে যুবতীর মৃত্যু-জখম ২, শোকে স্তব্ধ ঝাড়গ্রাম

May 3, 2026 - 13:23
 17
মুষলধারে বৃষ্টিতে মাটির বাড়ি ধস, চাপা পড়ে যুবতীর মৃত্যু-জখম ২, শোকে স্তব্ধ ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম: টানা বৃষ্টির জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল ঝাড়গ্রামের বিনপুর-২ ব্লকের শিলদা অঞ্চলের শুকজোড়া গ্রামে। শুক্রবার গভীর রাতে, প্রায় ১টা নাগাদ কাঁচা মাটির বাড়ি ভেঙে পড়ে একই পরিবারের তিন সদস্যের উপর।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন তিনজনই। স্থানীয়দের তৎপরতায় তাঁদের উদ্ধার করে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ১৯ বছরের পিঙ্কি দাসকে মৃত বলে ঘোষণা করেন।

গুরুতর আহত সুজিত দাস ও মৃণাল দাসকে প্রাথমিক চিকিৎসার পর ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতার পরিবারের অভিযোগ, সরকারি আবাস যোজনার বাড়ি না পাওয়ায় বাধ্য হয়েই কাঁচা বাড়িতে বসবাস করতে হচ্ছিল। যদিও নিজেদের উদ্যোগে পাকা বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল বলে জানা গেছে।

গত কয়েকদিন ধরে ঝড়-বৃষ্টির দাপটে ঝাড়গ্রাম জেলায় জনজীবন বিপর্যস্ত। বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়া, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। তারই মধ্যে শুকজোড়া গ্রামের এই মর্মান্তিক দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে স্থানীয়দের।

এখন শোকস্তব্ধ শুধু একটি পরিবার নয়, গোটা গ্রাম।