জোকায় নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, চারজন আটক
জোকা:
জোকা ট্রাম ডিপো সংলগ্ন ডায়মন্ড হারবার রোডের পাশে নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ নগদ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, ঠাকুরপুকুর থানার অন্তর্গত এলাকায় বিশেষ তল্লাশি অভিযানের সময় এসএসটি (স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম), স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ানরা যৌথভাবে একটি গাড়ি আটক করে।
গাড়িটি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট ৪ লক্ষ ৭৩ হাজার ৯০০ টাকার অঘোষিত নগদ। গাড়িতে থাকা চারজন ব্যক্তি ওই বিপুল অর্থের কোনও বৈধ নথি দেখাতে পারেননি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পরবর্তীতে নির্ধারিত নিয়ম মেনে পুরো অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই টাকার উৎস ও উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।