রাঁচীতে বিধানসভার বাইরে ফের উত্তেজনা! ছাত্র-যুবদের হটাতে লাঠিচার্জ পুলিশের

Aug 11, 2026 - 13:18
 16
রাঁচীতে বিধানসভার বাইরে ফের উত্তেজনা! ছাত্র-যুবদের হটাতে লাঠিচার্জ পুলিশের

ফের উত্তেজনা ছড়াল ঝাড়খণ্ডের রাঁচীতে বিধানসভা ভবনের সামনে। ঝাড়খণ্ড বিধানসভার এক নম্বর গেটের সামনে থেকে জমায়েত হটাতে ফের লাঠিচার্জ করল পুলিশ। ধাওয়া করে বিক্ষোভকারী ছাত্র-যুবদের ওই এলাকা থেকে সরানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। তাতে হুড়োহুড়ির মাঝে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় বিধানসভা ভবনের সামনে।জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় ঝাড়খণ্ডের আন্দোলনকারী ছাত্র-যুবরা। সেই দাবিতেই সোমবার সকালে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। ওই মিছিল আটকাতে পুলিশি ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীদের মিছিল ঠেকাতে জলকামান চালায় পুলিশ। লাঠিচার্জও হয়। এরই মধ্যে ব্যারিকেড ভেঙে বিধানসভার কাছাকাছি পৌঁছে যান আন্দোলনকারীরা। সেই থেকে বিধানসভা ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ করছিলেন তাঁরা। বিক্ষোভ-আন্দোলনের জেরে এ দিনের মতো মুলতুবি হয়ে যায় ঝাড়খণ্ড বিধানসভার অধিবেশন।পরে সন্ধ্যায় বিধানসভার সামনে থেকে পুলিশ আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করলে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েক জন আন্দোলনকারী জখম হন। তবে বিধানসভার সামনে থেকে প্রতিবাদী ছাত্র-যুবদের এখনও পুরোপুরি সরানো যায়নি। দ্বিতীয় দফার লাঠিচার্জের পরে ফের সরকারকে নিশানা করেছেন আন্দোলনকারীরা। সোমবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্মদিন। সে প্রসঙ্গ টেনে এক আন্দোলনকারী বলেন, “তিনি (হেমন্ত) জন্মদিনের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। আর আমাদের এখানে ফেলে রেখেছেন। আমরা বৃষ্টিতে ভিজছি, এখানেই শুকোচ্ছি। তার উপরে লাঠিচার্জও হল। কী দারুণ এক উপহার পেলাম।” আন্দোলনকারীদের দাবি, প্রতিবাদস্থলে অনেক ছাত্রী এবং তরুণীও রয়েছেন। তবে বিধানসভার সামনে ধস্তাধস্তির সময়ে সেখানে কোনও মহিলা পুলিশকর্মী ছিলেন না বলে অভিযোগ বিক্ষোভকারীদের। অন্য এক আন্দোলনকারী বলেন, “এক দিকে ঝাড়খণ্ড সরকার ‘মহিলা সম্মান যোজনা’র কথা বলে, অন্য দিকে মা-বোনদের উপর চড়াও হয়ে মারধর করে। এদের গায়ে কালো উর্দি পরানো উচিত।” রাঁচী (শহর)-এর পুলিশ সুপার পরস রানা জানান, মিছিল চলাকালীন পুলিশকর্মীদের দিকে পাথর ছোড়া হয়েছিল। তাতে তিন-চার জন পুলিশকর্মী জখম হন। দু’জনের মাথায় সেলাই করতে হয়েছে। বিক্ষোভকারীরা যখন ব্যারিকেড ভাঙছিলেন, তখন তিন জন পুলিশকর্মী পদপিষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। তাঁদের উদ্ধার করতে সামান্য লাঠিচার্জ (সকালে মিছিলের সময়ে) করতে হয়েছিল বলে জানান রাঁচীর পুলিশ সুপার।পুলিশ সুপারের দাবি, বাহিনী অত্যন্ত সংযমের সঙ্গে কাজ করেছে।