বুথের কাছেই তাজা বোমা উদ্ধার, ভোটের দিনে কেতুগ্রামে চাঞ্চল্য
পূর্ব বর্ধমান, কেতুগ্রাম:
ভোটের দিনেই উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভায়। কেতুগ্রামের বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথের অদূরে উদ্ধার হল ছয়টি তাজা বোমা, যা ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুথ থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় পড়ে থাকা লাইলনের একটি ব্যাগের মধ্যে এই বোমাগুলি রাখা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তার স্বার্থে বোমাগুলি যেখানে রাখা ছিল, সেই এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ব্যাগের মধ্যে মোট ছয়টি তাজা বোমা ছিল। ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এবং বিশেষজ্ঞ দল এসে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ করবে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে নারাজ থাকলেও, প্রশ্ন উঠছে-ভোটের মতো সংবেদনশীল দিনে বুথের এত কাছে কীভাবে বোমা মজুত করা হল? এর পিছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরক রাখা হয়েছিল, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।