ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন শর্ত আমেরিকার

Apr 25, 2026 - 14:34
 14
ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন শর্ত আমেরিকার

ফুটবল বিশ্বকাপ নিয়ে ইরানের উপর নতুন শর্ত চাপাল আমেরিকা। শর্ত মানলে তবেই ইরানের ফুটবল দলকে দেশে ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো। আগামী ফুটবল বিশ্বকাপের আয়োজক আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। গ্রুপ পর্বে ইরানের সব ম্যাচই রয়েছে আমেরিকায়। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তা আরও বাড়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের জন্য। আপাতত যুদ্ধ বিরতি চললেও আমেরিকার সঙ্গে ইরানের প্রথম দফার সমঝোতা বৈঠক ভেস্তে গিয়েছে। তাতে হরমুজ় প্রণালীতে নতুন করে উত্তেজনা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রুবিয়োর মন্তব্য নতুন জল্পনা তৈরি করেছে।বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ প্রসঙ্গে আমেরিকার বিদেশ সচিব বলেছেন, ‘‘ইরানের ফুটবলারদের বিশ্বকাপ খেলতে আমেরিকায় আসা নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। ইরানের খেলোয়াড়দের নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু দলের সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের (আইআরজিসি) কেউ থাকতে পারবেন না। ফুটবলারদের সঙ্গে যাঁরা আসবেন, তাঁদের কেউ যেন কোনও ভাবে আইআরজিসির সঙ্গে যুক্ত না হন। তেমন কেউ থাকলে আমরা হয়তো তাঁকে আমেরিকায় ঢুকতে দেব না।’’ রুবিয়ো আরও বলেছেন, ‘‘আমেরিকার পক্ষ থেকে কখনও বলা হয়নি বিশ্বকাপ খেলতে ইরানের ফুটবলারেরা আসতে পারবে না। কিন্তু আইআরজিসি জঙ্গিদের সাংবাদিক বা ট্রেনার সাজিয়ে নিয়ে আসা যাবে না।’’ উল্লেখ্য, আইআরজিসিকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।রুবিয়ো ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে আশ্বাস দিলেও কয়েক দিন আগে সংশয় বাড়িয়েছিলেন ট্রাম্প ঘনিষ্ঠ পাওলো জ়ামপোলি। তিনি বলেছিলেন, ইরানের পরিবর্তে বিশ্বকাপে ইটালিকে খেলার সুযোগ দেওয়া হোক। ফিফা অবশ্য তাঁর ওই মন্তব্য সমর্থন করেনি। আবার আমেরিকা থেকে ইরানের ম্যাচ সরানোর দাবিও খারিজ করে দিয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপ আয়োজন সংক্রান্ত কোনও সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। অন্য দিকে ট্রাম্পও সুর নরম করার ইঙ্গিত দিয়েছেন। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘‘আমরা ইরানের ফুটবলারদের উপর সংঘাতের কোনও প্রভাব ফেলতে চাই না।’’